আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) আসনের জন্য ৬টি জ্বালাময়ি সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ বাতলে দিয়েছেন। ফুটবল প্রতীকে ভোট চেয়ে তাঁর ইশতেহারে বলা হয়েছে—এই আসনকে আর অবহেলা করা যাবে না।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে ইশতেহার প্রকাশ করে তিনি লিখেছেন, “আমরা গুলশান-বনানীর মতোই ট্যাক্স দেই, বিল দেই, কিন্তু সেবা পাই তৃতীয় শ্রেণির। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, তারপর উধাও। এবার অবহেলার দিন শেষ।”
জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের গড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাসনিম জারা। তাঁর ইশতেহারে ছয় সমস্যা ও সমাধান এভাবে—
১. গ্যাস, রাস্তা ও জলাবদ্ধতা: বাসযোগ্য ঢাকা-৯ চাই। সমাধান: গ্যাস লাইন সংস্কার, রাস্তা প্রশস্তকরণ, ড্রেনেজ উন্নয়ন। ২. স্বাস্থ্য: চিকিৎসায় অবহেলা বন্ধ। সমাধান: স্থানীয় হাসপাতাল আধুনিকায়ন, ফ্রি চেকআপ কেন্দ্র, মহিলাদের জন্য বিশেষ সুবিধা। ৩. নিরাপত্তা: মাদক সিন্ডিকেট উচ্ছেদ। সমাধান: পুলিশ নজরদারি বাড়ানো, যুবকদের জন্য কর্মসংস্থান, নারী নিরাপত্তা ইউনিট গঠন। ৪. শিক্ষা: সন্তানদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ। সমাধান: স্কুল উন্নয়ন, বৃত্তি বৃদ্ধি, দখলমুক্ত স্কুল। ৫. অর্থনীতি ও জীবিকা: মেধা সবার, সুযোগ ধনীদের নয়। সমাধান: ছোট ব্যবসায়ীদের ঋণ, কর্মশালা স্থাপন, যুবকদের প্রশিক্ষণ। ৬. এমপির জবাবদিহিতা: আমি অতিথি পাখি নই, আপনাদের ঘরের মেয়ে। সমাধান: মাসিক সভা, সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট, স্বচ্ছতা নিশ্চিত।
তাসনিম জারা বলেন, “আমি পেশাদার রাজনীতিবিদ নই। জুলাইয়ের পর স্বচ্ছ রাজনীতির সুযোগ এসেছে বলেই মাঠে নেমেছি। এই ইশতেহার ফাঁকা বুলি নয়, বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে এসেছি।”
তিনি ভোটারদের উদ্দেশে লিখেছেন, “আপনারা আমার শক্তি হোন, আমি আপনাদের কণ্ঠস্বর হব। একজন চিকিৎসককে সুযোগ দিন—যে রোগ জানে, ওষুধ জানে, কথা রাখে, বিপদে পাশে দাঁড়ায়।”
















