আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ফেব্রুয়ারি ০১, ২০২৬
ইতালির কারা ব্যবস্থায় প্রথমবারের মতো বন্দীদের জন্য বিশেষ ‘সেক্স রুম’ চালু করা হয়েছে। এই কক্ষে বন্দীরা তাঁদের সঙ্গীর সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে বন্দীদের ‘ঘনিষ্ঠ সাক্ষাৎ’-এর অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল দেশটি।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব বন্দীর সঙ্গী কারাগারে সাক্ষাতে আসবেন, তাঁদের জন্য এই বিশেষ কক্ষ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। শুক্রবার ইতালিতে প্রথমবার পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হয়। ওই দিন একজন বন্দীকে তাঁর সঙ্গীর সঙ্গে নির্ধারিত সময়ের জন্য এই কক্ষে অবস্থানের অনুমতি দেওয়া হয়।
একসময় বিশ্বের বিভিন্ন দেশে কারাগারে ‘দাম্পত্য সাক্ষাৎ’ বা কনজুগাল ভিজিট চালু ছিল। তবে নিরাপত্তা ঝুঁকি ও বাজেট সংকটের কারণে বহু দেশেই তা বন্ধ হয়ে যায়। আধুনিক কারা ব্যবস্থায় সাধারণত পারিবারিক সাক্ষাৎকে গুরুত্ব দেওয়া হয়, ঘনিষ্ঠ সাক্ষাৎকে নয়। তবুও ইউরোপের কয়েকটি দেশে এখনো এই ব্যবস্থা চালু রয়েছে। ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন ও নেদারল্যান্ডসের পর এবার সেই তালিকায় যুক্ত হলো ইতালি।
ইতালির উমব্রিয়া অঞ্চলের বন্দী অধিকারবিষয়ক ওমবাডসম্যান জিউসেপ্পে কাফোরিও ইতালির সংবাদ সংস্থা আনসাকে বলেন, প্রথম পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁর ভাষায়, “আমরা সন্তুষ্ট, কারণ পুরো প্রক্রিয়াটি কোনো সমস্যা ছাড়াই হয়েছে। আগামী দিনে আরও এমন সাক্ষাৎ হবে বলে আশা করছি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদার জন্য সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করা জরুরি।”
এই বিশেষ কক্ষে একটি বিছানা ও একটি টয়লেট রয়েছে। অনুমোদন পাওয়া বন্দীরা সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত এই কক্ষ ব্যবহার করতে পারবেন। নিরাপত্তার কারণে কক্ষের দরজা ভেতর থেকে তালাবদ্ধ করা যাবে না, যাতে প্রয়োজনে কারারক্ষীরা দ্রুত প্রবেশ করতে পারেন।
ধারণা করা হচ্ছে, বিবাহিত বা দীর্ঘমেয়াদি সম্পর্কে থাকা বন্দীরাই মূলত এই সুবিধা পাবেন। তবে কারা কর্তৃপক্ষের আগাম যাচাই ও অনুমোদনের পরই এই সুযোগ মিলবে। কারা এবং কী শর্তে এই সুবিধা পাওয়া যাবে—সে বিষয়ে বিস্তারিত নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি।















