থাইল্যান্ডে রাজধানী ব্যাংককে একটি চলন্ত ট্রেনের ওপর নির্মাণকাজে ব্যবহৃত বিশাল আকারের একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭৯ জন।
বুধবার সকালে ব্যাংককের উত্তরে নাখন রাচাসিমা প্রদেশের বান থানন খোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে বিবিসি সূত্রে জানা যায়।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রেনের বগির ভেতরে বহু যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে অন্তত ২২টি মরদেহ।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত ক্রেনটি লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পর্যন্ত দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের উবন রাচাসিমার উদ্দেশে যাত্রা করছিল।
এ বিষয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশাল ওই ক্রেনটি ট্রেনের একটি বগির ওপর পড়ে গেলে একের পর এক বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং পরে আগুন ধরে যায়। এতে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।
















