ডেস্ক রিপোর্ট | জাতীয়
ভারতের প্রভাবশালী সাপ্তাহিক সাময়িকী দ্য উইক-কে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন করে সরকারে এলেও বাংলাদেশ কখনো ধর্মরাষ্ট্রে পরিণত হবে না।
সাক্ষাৎকারে নাহিদ ইসলাম জানান, ভবিষ্যতের সরকার হবে সম্পূর্ণ গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক। সেখানে নারী ও সংখ্যালঘুদের অধিকার ও সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তার ভাষায়, জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক কোনো আদর্শিক ঐক্যের ফল নয়; এটি মূলত নির্বাচনী সমঝোতার মধ্যে সীমাবদ্ধ। এনসিপির নীতির পরিপন্থী কোনো পদক্ষেপ নিলে জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতেও তারা পিছপা হবে না বলে তিনি সতর্ক করেন।
নাহিদ ইসলাম আরও দাবি করেন, জামায়াতে ইসলামী আগের অবস্থান থেকে সরে এসে এখন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও জাতীয় সরকার গঠনের কথা বলছে। যদিও জোট চূড়ান্ত হয়নি, তবে নির্বাচন ও সম্ভাব্য পরবর্তী সরকার গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তিনি জানান, জোটগতভাবে এনসিপি ৩০টি আসনে নির্বাচনে অংশ নিচ্ছে।
নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদে তরুণ নেতৃত্ব তুলে আনার লক্ষ্যও তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, রাজপথে গড়ে ওঠা আন্দোলনকে সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে নিয়ে আসাই তাদের মূল উদ্দেশ্য।
ভারত প্রসঙ্গে নাহিদ ইসলাম কড়া বক্তব্য দেন। তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান তিনি। অন্যথায়, ভবিষ্যতে বাংলাদেশ–ভারত সম্পর্ক স্বাভাবিক রাখা কঠিন হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
















