আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠেয় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা বাতিল করা হয়েছে। তবে জনসভা বাতিল হলেও নির্বাচনী প্রচার কার্যক্রম স্থগিত হচ্ছে না।
এর পরিবর্তে রোববার ও সোমবার (৮ ও ৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় বক্তব্য দেওয়ার কর্মসূচি রয়েছে তারেক রহমানের। এসব কর্মসূচির মাধ্যমে নগরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ ও নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে বিএনপি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, সার্বিক পরিস্থিতি ও কর্মসূচির পুনর্বিন্যাসের অংশ হিসেবেই নয়াপল্টনের জনসভা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে তারেক রহমানের বক্তব্য থাকবে এবং নির্বাচনী প্রচার আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
















