ডেস্ক নিউজ: নারায়ণগঞ্জ-৩ আসনে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। পরে অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আসনটির সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে সংশ্লিষ্ট ব্যক্তিকে উপজেলা পরিষদে আনা হয়। অভিযোগের পক্ষে যথাযথ প্রমাণ না মেলায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা আড়াইটার দিকে দড়িকান্দি এলাকায় আসাদুজ্জামান (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেন স্থানীয় বিএনপির কর্মীরা। তার কাছে ২০ হাজার টাকা পাওয়া যায় বলে দাবি করা হয়। বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেন, ওই টাকা ভোটারদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে রাখা হয়েছিল।
খবর পেয়ে নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যান এবং তাকে হেফাজতে নেন।
পুলিশ জানিয়েছে, আটক আসাদুজ্জামান দড়িকান্দি উত্তর জাইদেরগাঁও গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
তবে এ আসনে জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন, আটক ব্যক্তির কাছে থাকা টাকা ছিল তার ব্যক্তিগত।
















