নিজস্ব প্রতিবেদক | ঢাকা
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ২০:৫৯
ভারতের মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনের সামনে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা–কর্মীরা। বুধবার বিকেলে অফিস সময় শেষ হওয়ার পর হঠাৎ এই বিক্ষোভ শুরু হয়, যা কূটনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।
একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, বিকেল পাঁচটায় নিয়মিত অফিস কার্যক্রম শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সময় আনুমানিক সোয়া পাঁচটার দিকে বাংলাদেশ মিশনের প্রধান ফটকের কাছাকাছি এলাকায় ভিএইচপির প্রায় দেড় শ নেতা–কর্মী জড়ো হন। কোনো ধরনের আগাম সতর্কতা না থাকায় সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়।
মিশনের কাছাকাছি চলে আসে বিক্ষোভকারীরা
সূত্র অনুযায়ী, বিক্ষোভকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে বাংলাদেশবিরোধী স্লোগান দিতে দিতে মিশনের প্রায় ৩০ মিটার দূরত্ব পর্যন্ত এগিয়ে আসে। এ সময় ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ উসকানিমূলক স্লোগান শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর পুলিশের কড়া অবস্থানের মুখে বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে যায়।
বাড়ানো হয়েছে নিরাপত্তা
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সাধারণত বাংলাদেশ উপহাইকমিশনের সামনে সীমিতসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করে থাকেন। তবে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অতিরিক্ত ১৫ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও, হঠাৎ ও অনুমতি ছাড়া কূটনৈতিক স্থাপনার সামনে এমন বিক্ষোভকে নিরাপত্তা ও কূটনৈতিক শিষ্টাচারের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
















