অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬, ০৮:২৪
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৬টি পদে জয় পেলেও পাঁচটি পদে তাদের পরাজয়ের চিত্রও স্পষ্ট হয়েছে।
বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেন।
কেন্দ্রীয় তিন পদে শিবিরের আধিপত্য
ফলাফল অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে জয়ী হয়েছেন আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।
যে পাঁচ পদে শিবির হারল
শিবির সমর্থিত প্যানেলের বড় জয়ের মাঝেও পাঁচটি পদে জয় পায়নি তারা। এর মধ্যে চারটি পদে জয়ী হয়েছে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল এবং একটি পদে জয় এসেছে স্বতন্ত্র প্রার্থীর ঘরে।
ছাত্রদল সমর্থিত প্রার্থীরা যে তিনটি সম্পাদকীয় পদে জয় পেয়েছেন, সেগুলো হলো—
-
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: তাকরিম মিয়া (৫,৩৮৫ ভোট)
-
পরিবহন সম্পাদক: মাহিদ হোসেন (৪,০২৩ ভোট)
-
পাঠাগার ও সেমিনার সম্পাদক: মো. রিয়াসাল রাকিব (৪,৬৯৮ ভোট)
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ছাত্রদল সমর্থিত মোহাম্মদ সাদমান আমিন পেয়েছেন ৩ হাজার ৩০৭ ভোটে জয়। একই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান।
ভোটগ্রহণ ও ফল ঘোষণা
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর মেশিনে কারিগরি সমস্যার কারণে ভোট গণনায় বিলম্ব হলেও বুধবার রাত ১টার দিকে পূর্ণাঙ্গ ফল প্রকাশের মাধ্যমে জকসুর প্রথম নির্বাচিত কমিটি চূড়ান্ত হয়।
















