ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ১১:১২
ভারত–পাকিস্তান সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়িয়েছেন গুজরাট টাইটান্সের ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডার। জনপ্রিয় পডকাস্ট ‘গেম উইথ গ্রেস’-এ দেওয়া বক্তব্যের জেরে আসন্ন আইপিএল মৌসুমে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পডকাস্টে কথা বলতে গিয়ে হোল্ডার চলমান ভারত–পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে শিরোপা জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণে অনাগ্রহ দেখানো বিষয়টি তাকে হতাশ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
‘ক্রিকেটের গণ্ডি পেরিয়ে গেছে’
হোল্ডারের মতে, মাঠের বাইরের রাজনীতি ক্রিকেটকে অপ্রয়োজনীয়ভাবে প্রভাবিত করছে। তিনি বলেন,
“আমি ভারত–পাকিস্তান ‘বিফ’ একদমই পছন্দ করি না। এটা এখন ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যিই দুঃখজনক। এশিয়া কাপ জিতে ট্রফি নিতে না যাওয়াটা ছিল মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া—এ ধরনের আচরণ ক্রিকেটের সঙ্গে যায় না।”
এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ক্রিকেটে রাজনীতির ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
ক্রিকেটাররা শুধু খেলোয়াড় নন
সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আরও বলেন, একজন ক্রিকেটারের দায়িত্ব শুধু ব্যাট-বলেই সীমাবদ্ধ নয়।
“ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যখন শান্তির কথা বলি, তখন আমাদের আইডলদের কাছ থেকেও সেই মূল্যবোধের প্রতিফলন দেখতে চাই।”
তার মতে, পরিবর্তনের সূচনা হওয়া উচিত প্রভাবশালী দেশ ও তারকা খেলোয়াড়দের হাত ধরেই।
“ভারত ও পাকিস্তান—দুটিই শক্তিশালী ক্রিকেটিং দেশ। মাঠে যদি তারা পারস্পরিক সম্মান দেখায়, হাত মেলায়—তাহলে সেটি ক্রিকেটের বাইরেও বড় বার্তা দেবে।”
আইপিএল ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে আইপিএল ২০২৬ মৌসুমে গুজরাট টাইটান্সের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দলে জায়গা পান হোল্ডার। নিলামে প্রায় ৭ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজি।
তবে আসন্ন মৌসুম শুরুর আগে এই বিতর্কিত মন্তব্য গুজরাট টাইটান্স শিবিরে অস্বস্তি তৈরি করতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকদের একাংশ। কেউ কেউ এমন আশঙ্কাও করছেন, পরিস্থিতি বিবেচনায় দল কর্তৃপক্ষ বিকল্প ভাবতে পারে।
















