ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর দেশ দুটির হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কেন্দ্র, সামরিক তল্লাশিচৌকি ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি, অবস্থান ও সমন্বয় তথ্য মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠাচ্ছিলেন। এসব তথ্যের ভিত্তিতে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, লোকেশন ফাইন্ডিং ডিভাইস, বিশেষ যোগাযোগ সরঞ্জাম এবং বিদেশি মুদ্রা। আইআরজিসি জানিয়েছে, এই গ্রেপ্তার অভিযান দেশের বিভিন্ন প্রদেশে একযোগে চালানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ব্যাপক হামলা শুরু করে। হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় অর্ধশত নেতৃস্থানীয় বেসামরিক ও সামরিক কর্মকর্তা নিহত হন। পরবর্তী দিনগুলোতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন।
ইরানি কর্তৃপক্ষ মনে করছে, এসব উচ্চপদস্থ কর্মকর্তার সঠিক অবস্থানের তথ্য দেশের ভেতর থেকেই সরবরাহ করা হয়েছে। এ ঘটনাকে তেহরানের গোয়েন্দা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।
আইআরজিসির এই দাবি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রেক্ষাপটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এফবিআই ও মোসাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।















