এর আগে বহিষ্কৃত আরও পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (১০ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট পাঁচ নেতাকে এর আগে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কৃত নেতারা হলেন—বরিশাল মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্যসচিব জিয়াউল হক মাসুম, বরিশাল জেলা তাঁতীদলের সাবেক সভাপতি কাজী মো. সাহিন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. আবুল হোসেন প্রধানীয়া, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আ. মতিন মেম্বার এবং কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির নেতা জিয়াউর রহমান জিহাদ।
দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত নেতারা পরবর্তীতে তাদের ভুল স্বীকার করে দলের কাছে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়।
বিএনপি নেতারা মনে করছেন, দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি ভুল সংশোধনের সুযোগ দেওয়াও সাংগঠনিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই সিদ্ধান্তের মাধ্যমে দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
















