ইরান ‘আলোচনা করতে চায়’ এবং এ লক্ষ্যে একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির বরাতে এই তথ্য জানা গেছে।
রোববার (১১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ইরানে চলমান সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারির পর দেশটির শীর্ষ নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের পক্ষ থেকে ফোন করা হয়েছে এবং আলোচনার জন্য একটি বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইরানের নেতারা আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে ইরানে বিক্ষোভ দমনে সহিংসতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী বিকল্প’ বিবেচনা করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। সেই প্রেক্ষাপটে এই আলোচনার উদ্যোগকে কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। গত ২৮ ডিসেম্বর দেশটিতে মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন ধীরে ধীরে সরকারের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভে রূপ নিয়েছে।
















