জলবায়ু পরিবর্তনসহ নানা পরিবেশগত কারণে বিশ্বের বিভিন্ন শহরে ক্রমেই বেড়ে চলেছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মারাত্মক দূষণের কবলে রয়েছে মেগাসিটি ঢাকা। সোমবার (১২ জানুয়ারি) সকালে বায়ুমান সূচকে ২৮৫ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে রাজধানী ঢাকা। এ মাত্রার বায়ুমানকে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ও অত্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
একই দিন সকাল সাড়ে ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে দেখা যায়, ৩০০ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মিশরের রাজধানী কায়রো। এ তালিকায় ভারতের দিল্লি ২৫৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
এ ছাড়া চীনের চেংদু শহর ২৪৪ স্কোর নিয়ে চতুর্থ এবং ভিয়েতনামের রাজধানী হ্যানয় ২২৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।
















