আসন্ন টি–টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ক্রীড়াঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ভারত। পাকিস্তানি বংশোদ্ভূত চারজন মার্কিন ক্রিকেটারকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ, যার ফলে তাদের ভারতের মাটিতে অনুষ্ঠিত ম্যাচে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা এই চার ক্রিকেটারের মধ্যে দুজন পূর্ণাঙ্গ মার্কিন নাগরিক হলেও শুধুমাত্র জন্মসূত্রে পাকিস্তানি হওয়ায় তাদের ভারত ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি বলে জানা গেছে। ঘটনাটি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ‘বৈষম্য’ ও ‘রাজনৈতিক প্রতিহিংসা’র অভিযোগকে আরও জোরালো করেছে।
ভিসা প্রত্যাখ্যাত ক্রিকেটাররা হলেন—
-
আলি খান: যুক্তরাষ্ট্রের নাগরিক, মার্কিন ও পাকিস্তানি—দ্বৈত পাসপোর্টধারী
-
শায়ান জাহাঙ্গীর: যুক্তরাষ্ট্রের নাগরিক, দ্বৈত পাসপোর্টধারী
-
এহসান আদিল: পাকিস্তানি পাসপোর্টধারী
-
মোহাম্মদ মহসিন: পাকিস্তানি পাসপোর্টধারী
ক্রিকেট বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের ভিসা প্রদানে আয়োজক দেশের এমন আচরণ নজিরবিহীন। বিশেষ করে, যেসব খেলোয়াড় আয়োজক দেশের বিপক্ষে রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কোনো অপরাধে অভিযুক্ত নন, তাদের কেবল জন্মপরিচয়ের ভিত্তিতে আটকে দেওয়া আন্তর্জাতিক ক্রীড়া চেতনার পরিপন্থী।
এ ঘটনায় এখনো আইসিসি কিংবা যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না এলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
















