সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে মোবাইল ফোনের দাম রাখতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আমদানিকৃত পূর্ণাঙ্গ (ফুল সেট) মোবাইল ফোনে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে আমদানিকৃত মোবাইল ফোনে শুল্কহার কমেছে প্রায় ৬০ শতাংশ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্পকে সুরক্ষা ও উৎসাহ দিতে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সংযোজনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য উপকরণ আমদানির শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে উপকরণ আমদানিতে শুল্ক হ্রাস পেয়েছে ৫০ শতাংশ।
এনবিআরের হিসাব অনুযায়ী, ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম প্রায় ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। অপরদিকে, একই মূল্যমানের দেশে সংযোজিত মোবাইল ফোনের দাম কমবে আনুমানিক ১ হাজার ৫০০ টাকা।
এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই শুল্ক হ্রাসের ফলে সব শ্রেণির মোবাইল ফোন গ্রাহকদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। একই সঙ্গে ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে এবং স্মার্টফোন ব্যবহারে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশীয় মোবাইল ফোন সংযোজন শিল্প যাতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সে লক্ষ্যেও এই শুল্ক পুনর্গঠন করা হয়েছে। এতে একদিকে যেমন গ্রাহকরা উপকৃত হবেন, অন্যদিকে দেশীয় শিল্পও দীর্ঘমেয়াদে লাভবান হবে।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে খুব দ্রুতই বাজারে মোবাইল ফোনের দাম কমার প্রভাব দেখা যাবে। স্মার্টফোনের ব্যবহার বাড়লে ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর সেবার বিস্তারেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
















