নিরাপত্তা শঙ্কা ও প্রয়োজনীয় সরকারি অনুমতির অভাবে এবারও কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করছে না বাংলাদেশ। বইমেলার আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। সোমবার বিকেলে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় আসন্ন বইমেলার সার্বিক প্রস্তুতি ও অংশগ্রহণকারী দেশগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনে কলকাতা লিটারেচার ফেস্টিভালের কিউরেটর মালবিকা ব্যানার্জিসহ সাহিত্য ও প্রকাশনা জগতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তাজনিত ঝুঁকি এবং সরকারি পর্যায় থেকে সবুজ সংকেত না পাওয়ায় বাংলাদেশকে নিয়ে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি জানান, ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে আশাবাদী আয়োজকেরা। বাংলাদেশের প্রকাশিত বহু গুরুত্বপূর্ণ বইয়ের জন্য পাঠকরা প্রতিবছর অধীর আগ্রহে অপেক্ষা করেন, কিন্তু এবার সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে গত বছর প্রথমবারের মতো বাংলাদেশ বইমেলায় অংশ নেয়নি। সেই ধারাবাহিকতায় এবারও বাংলাদেশের কোনো প্রকাশনা সংস্থা বা স্টল মেলায় থাকছে না। এতে কলকাতার বইপ্রেমী ও পাঠকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কলকাতার প্রকাশক ও পাঠকদের মতে, বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় বাংলা বই কলকাতার বাজারে সহজে পাওয়া যায় না। ফলে কলকাতা বইমেলায় বাংলাদেশি প্রকাশনার বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ বরাবরই বেশি থাকে। বাংলাদেশের অনুপস্থিতিতে এবারের বইমেলায় বাংলা ভাষার সাহিত্যিক বৈচিত্র্য কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে বলে তারা মনে করছেন।
এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলা ৪৯ বছরে পদার্পণ করছে। মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ফোকাল কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার লেখক গুস্তাভো কুনসোব্রে এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এছাড়াও দেশ-বিদেশের বহু সাহিত্যিক, প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেবেন।
আগামী ২২ জানুয়ারি কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে, যা চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
















