আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বারবার অনুরোধ সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে ভারতে দল না পাঠানোর চূড়ান্ত অবস্থান আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ বা বিকল্প ভেন্যুতে আয়োজনের দাবি আবারও তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিসিবি ও আইসিসির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিসিবির পক্ষ থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিসিবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেখানে দল না পাঠানোর সিদ্ধান্তে বোর্ড অটল রয়েছে। আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও এবং বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও ঘোষিত হওয়ার কথা উল্লেখ করলেও বিসিবি তাদের অবস্থানে অটল থাকে।
বিসিবি আবারও আইসিসির কাছে প্রস্তাব রেখেছে যে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা যেতে পারে। বোর্ড জানিয়েছে, ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
বৈঠকে উভয় পক্ষ বিদ্যমান পরিস্থিতির সমাধানে আলোচনা অব্যাহত রাখতে একমত হয়েছে। আগামী দিনগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে একটি সম্মানজনক সমাধানে পৌঁছানোর লক্ষ্যে কাজ করবে বিসিবি ও আইসিসি।
















