ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রাচীন মিশরের ফেরাউন এবং বাইবেলীয় চরিত্র নমরুদের সঙ্গে তুলনা করে একটি কার্টুন পোস্ট করেছেন। খামেনির অফিশিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে প্রকাশিত এই কার্টুনে ট্রাম্পকে একটি ভেঙে পড়া প্রাচীন মিশরীয় সারকোফাগাস (পাথরের কফিন) হিসেবে চিত্রিত করা হয়েছে। কার্টুনের সঙ্গে দেওয়া বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, “ইনিও ক্ষমতাচ্যুত হবেন।”
কার্টুনটিতে ট্রাম্পকে একটি প্রাচীন মিশরীয় ধাঁচের পাথরের কফিনের আকারে দেখানো হয়েছে, যা একটি সমাধিকক্ষের মধ্যে রাখা। কফিনের গায়ে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স (চিত্রলিপি) অঙ্কিত। কফিনের ওপর যুক্তরাষ্ট্রের পতাকা এবং ‘গ্রেট সিল’ (মার্কিন সরকারি প্রতীক) খোদাই করা দেখা যায়। ছবিতে কফিনটি ফেটে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছে। কার্টুনের ওপর লেখা রয়েছে: “ফেরাউনের মতো।”
পোস্টের বার্তায় ফেরাউন ও নমরুদের পাশাপাশি ইরানের পাহলভি রাজবংশের শাসক রেজা খান ও মোহাম্মদ রেজা শাহের উল্লেখ করে খামেনি বলেছেন, “এই ব্যক্তি, যিনি অহংকার ও দম্ভ নিয়ে বসে আছেন এবং পুরো বিশ্বকে বিচার করছেন—তার জেনে রাখা উচিত যে ফেরাউন, নমরুদ, রেজা খান, মোহাম্মদ রেজা এবং তাদের মতো অত্যাচারী ও অহংকারী শাসকদের পতন ঘটেছিল ঠিক যখন তারা অহংকারের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন। একইভাবে ইনিও ক্ষমতাচ্যুত হবেন।”
এই পোস্ট ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে খামেনির পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি ও প্রতীকী আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। খামেনির অ্যাকাউন্ট থেকে এ ধরনের কার্টুন ও বার্তা প্রকাশ ইরানের অফিশিয়াল বক্তব্যের অংশ হিসেবে বিবেচিত হয়।
















