দীর্ঘদিনের নানা গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে আগামীকাল (বুধবার) বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। শোবিজ অঙ্গনে বহুল আলোচিত এই সম্পর্ক অবশেষে আনুষ্ঠানিক পরিণয় পাচ্ছে।
প্রায় এক বছর ধরে জেফার-রাফসানের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল শোবিজ অঙ্গনে। যদিও এ বিষয়ে দুজন তেমন কোনো মন্তব্য করেননি। তবে গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে তারা একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনাগ্রহী ছিলেন দুজনই। তবে সব জল্পনা-কল্পনার ইতি টেনে চূড়ান্ত রূপ নিচ্ছে তাদের সম্পর্ক।
বিশ্বস্ত এক সূত্রে জানা যায়,ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে কাল অনুষ্ঠিত হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা । রাফসান-জেফারের প্রেমের গুঞ্জন শুরু হয় বছরখানেক আগে। মূলত রাফসানের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পরই এটা চর্চায় আসে। এরপর বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেশে ও দেশের বাইরে ঘুরতে দেখা যায়।
তবে যা রটে তার কিছুটা হলেও যে ঘটে, তার প্রমাণ মিলল জেফার আর রাফসানের শুভ পরিণয়ের খবরের মাধ্যমে।

















