চুয়াডাঙ্গার জীবননগরে সেনা অভিযানে আটকের পর বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৩ জানুয়ারী) দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি করেন ।
উক্ত বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, শামসুজ্জামান ডাবলুকে অস্ত্র উদ্ধারের নামে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য আটক করে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালান। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামানকে নির্যাতন করে হত্যা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। অন্তর্বর্তী সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত হবে, এটিই জনগণের প্রত্যাশা।
উল্লেখ্য, বুধবার রাতে চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটক হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
















