বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় বজলুর রহমান নামের এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতে ইসলামীর আমির। বিষয়টি নিশ্চিত করেছেন বামনা–পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।
পুলিশ জানিয়েছে, একই সঙ্গে শুক্রবার রাতে পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত বিএনপি, তাদের অঙ্গসংগঠন এবং জামায়াত ও এর সহযোগী সংগঠনের মোট ১১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী জানান, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটায় বিএনপি ও জামায়াতের মধ্যে একাধিক সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। মামলাভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বাকি অভিযুক্তদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।














