মেহেরপুরের গাংনী উপজেলায় সিরিয়াল অমান্য করে প্রভাব খাটিয়ে আগে জ্বালানি তেল নিতে গিয়ে স্থানীয় জনতা ও ফিলিং স্টেশন কর্মচারীদের হাতে পিটুনির শিকার হয়েছেন বিএনপির এক নেতা।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালনগর গ্রামের রূপক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পিটুনির শিকার আবদুল ওহাব (বুলবুল) গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নিজের মোটরসাইকেলে তেল নিতে রূপক ফিলিং স্টেশনে যান আবদুল ওহাব। ফিলিং স্টেশনে তখন গ্রাহকদের দীর্ঘ সারি ছিল। তিনি সিরিয়াল অমান্য করে প্রভাব খাটিয়ে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষমাণ লোকজন ও পাম্পের কর্মচারীরা বাধা দেন। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হলে একপর্যায়ে উপস্থিত জনতা ও কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে তাঁকে সংঘবদ্ধভাবে পিটুনি দেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। বর্তমানে তিনি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
আবদুল ওহাব প্রথম আলোকে বলেন, “পাম্পের মালিক ক্রেতাদের নিয়মমাফিক তেল দিচ্ছেন না—এমন অভিযোগ জানাতে গেলে মালিক ও কর্মচারীরা আমার ওপর হামলা করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগ অস্বীকার করে ফিলিং স্টেশনের মালিক রহমান মিয়া বলেন, “আবদুল ওহাব নেতা মানুষ। এখন যে পরিবেশ চলছে, সেই সময়ে তিনি ক্ষমতার প্রভাব দেখাতে গিয়ে জনগণের হাতে পিটুনির শিকার হয়েছেন। বিষয়টি দুঃখজনক।”
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, “ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বা ভুক্তভোগী নেতার পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ঘটনা খতিয়ে দেখা হবে।”














