চট্টগ্রাম প্নিরতিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের ২ হাজার ৮৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাই-শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের খোদ্দগহিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন খোদ্দগহিরা এলাকার বাসিন্দা মো. মনির (৪০) ও মো. নুরুন্নবী (৫৫)। পুলিশ জানিয়েছে, সম্পর্কে তারা জামাই-শ্বশুর।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়িতে দায়ের হওয়া একটি জিডির ভিত্তিতে আনোয়ারা থানা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ইউনিটের সদস্যদের সঙ্গে নিয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নুরুন্নবীর বসতঘরের সামনে উঠানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।
খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়। দেহ তল্লাশিতে মো. মনিরের প্যান্টের পকেট থেকে ২ হাজার পিস এবং মো. নুরুন্নবীর লুঙ্গির কোমর থেকে ৮৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২৪১.৭৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম মিয়া বলেন, নুরুন্নবীর বসতঘরের সামনে উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।














