আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চায়। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তবে ভোট দেওয়ার ক্ষেত্রে কেউ যেন অন্যের ভোটাধিকার প্রয়োগে বাধা না দেয়—এটাই সরকারের অবস্থান। কেউ যদি ভোট দিতে বাধা দেয়, তবে সে শেখ হাসিনার পথ অনুসরণ করবে উল্লেখ করে তিনি বলেন, “আমরা শেখ হাসিনা হতে চাই না। তাই সবার ভোটাধিকার উন্মুক্ত রাখবো।”
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোটারদের আস্থা বৃদ্ধি, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করা এবং গণভোট বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আইন উপদেষ্টা বলেন, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণকে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। একবার রাতে ভোট হয়েছে, একবার প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আরেকবার ডামি ও ভুয়া ভোটের মাধ্যমে নির্বাচন পরিচালিত হয়েছে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর ধরে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে তারা নিজেদের নির্বাচিত ঘোষণা করে দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে এবং দেশকে অন্য দেশের কাছে বিক্রি করে অবৈধভাবে ক্ষমতা ভোগ করেছে।
ড. আসিফ নজরুল জানান, এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং একই সঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানের পর দায়িত্ব গ্রহণের সময় সরকার তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করেছিল—সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন।
















