ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন—এমন দাবি করেছে ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। তবে এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। একই ঘটনায় ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে মূলত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ করা একটি পোস্টের উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার নামের একটি অ্যাকাউন্ট থেকে ওই পোস্টটি করা হয়েছিল। সেখানে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হন। সেই সময় বাসভবনে উপস্থিত ছিলেন ইতামার বেন-গিভর, যিনি হামলায় আহত হয়েছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।
তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি সত্যিই স্কট রিটারের কি না, তা নিশ্চিত করা যায়নি। ফার্সি ভাষায় প্রকাশিত প্রতিবেদনে হামলার সরাসরি কোনো প্রমাণ বা নিশ্চিত ক্ষয়ক্ষতির তথ্যও দেওয়া হয়নি। এর পরিবর্তে নেতানিয়াহুর সাম্প্রতিক কোনো ভিডিও প্রকাশ না হওয়া, বাসভবনের আশপাশে নিরাপত্তা জোরদারের খবর এবং কয়েকটি কূটনৈতিক সফর স্থগিত হওয়ার মতো পরিস্থিতিগত বিষয় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। দপ্তরের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতি প্রকাশিত হয়েছিল গত ৭ মার্চ, যখন তিনি বিরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের দেখতে যান।
উল্লেখ্য, এর আগেও ইরানি কিছু গণমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার দাবি প্রচারিত হয়েছিল। ২ মার্চও কয়েকটি ইরানি সংবাদমাধ্যম একই ধরনের প্রতিবেদন প্রকাশ করে। তবে পরে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ওই খবরকে ভিত্তিহীন গুজব বলে উল্লেখ করে।
















