বাবার শেষ বিদায়ে অংশ নেওয়ার অনুমতি মেলেনি কারাবন্দী ছেলে মিলন মিয়ার। প্যারোলে মুক্তি না পাওয়ায় শেষবারের মতো বাবার মুখ দেখার সুযোগ হয়েছে কেবল কারাফটকে। বুধবার (৪ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা কারাগারে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।
মিলন মিয়া (৪৫) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পানাউল্লারচর এলাকার বাসিন্দা। তাঁর আইনজীবী আবদুল মোমেন ভূইয়া তুহিন জানান, মিলনের বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলায় পুলিশ গ্রেপ্তার করে। পরে ওই মামলায় জামিন মিললেও মুক্তির আগেই কারাফটকে নতুন আরেকটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি কোনো রাজনৈতিক পদে যুক্ত নন বলেও জানান আইনজীবী।
পরিবারের সদস্যরা জানান, মিলনের বাবা ফুল মিয়া (৭০) দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। বাবার জানাজায় অংশ নিতে মিলনের পরিবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করে। তবে সেই আবেদন নামঞ্জুর করে প্রশাসন মরদেহ কারাগারের ফটকে এনে দেখানোর সিদ্ধান্ত দেয়।
বুধবার সকাল ১০টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কিশোরগঞ্জ জেলা কারাগারে পৌঁছালে কারাফটক থেকেই বাবার মরদেহ শেষবারের মতো দেখেন মিলন মিয়া। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, স্বল্প সময়ের সেই সাক্ষাতে শোক আর অসহায়ত্বে ভেঙে পড়েন তিনি।
কিশোরগঞ্জ জেলা কারাগারের সুপার রিতেশ চাকমা জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ীই কারাফটকে মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।














