ডেস্ক রিপোর্ট
মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’—এমন কড়া মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, জামায়াতে ভোট দেওয়া সরাসরি হারাম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের উপস্থিতিতে আল্লামা বাবুনগরী বলেন, “সমস্ত মুসলমানদের বলুন—তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।” তিনি সারোয়ার আলমগীরকে ইঙ্গিত করে আরও বলেন, “আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না—এটা জিহাদ।”
হেফাজত আমির দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ইসলামের ভিত্তি ও ঈমানের গোড়া কেটে যাবে। বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে জামায়াতে ইসলামীকে নিয়ে হেফাজতে ইসলামের আমিরকে কড়া ও বিতর্কিত ভাষায় মন্তব্য করতে দেখা গেছে।
















