ডেস্ক রিপোর্ট
বিএনপিকে ‘ভারতের গোলাম’ আখ্যা দিয়ে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় চলাফেরা করেন।
গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-১১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল অলি আহমদ বলেন, “বিএনপি ও আওয়ামী লীগ—এই দুই দলকেই দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে।” বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “লেখাপড়া করেন, আর গুন্ডামি চলবে না। ডা. শফিকুর রহমানের সঙ্গে বেয়াদবি করা যাবে না।”
তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, “তিনি মোদির কথায় চলাফেরা করেন। যারা ভারতের গোলামি করে, তাদের আর কেউ ভোট দেবে না। যে দলের নেতা বলে—আমি দেশে যাব কি না, সেটা আমার ওপর নির্ভর করে না, অন্য বিষয়ের ওপর নির্ভর করে—মানে মোদি সাহেব অনুমতি দিলে আসবে, না দিলে আসবে না। আপনারা কি মোদির গোলাম? না হলে ভাবতে হবে, কোন পক্ষে যাবেন।”
নির্বাচনী জোট প্রসঙ্গে এলডিপি চেয়ারম্যান বলেন, “আমি জামায়াতে যোগ দেই নাই, জামায়াতও এলডিপিতে যোগ দেয় নাই। আমরা দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি হিসেবে কিছু কর্মসূচিতে এক হয়েছি।” তিনি দাবি করেন, “১১ দল ক্ষমতায় এলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং ঋণখেলাপিদের গ্রেপ্তার করা হবে।”
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুক্তিযোদ্ধা মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে ও জামায়াত নেতা নুরে আলম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “এই নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন—বাংলাদেশ টিকবে কি না, তা ঠিক হবে এই নির্বাচনে।”
















