পাশ্ববর্তী দেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল কি আদৌ ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন? এই প্রশ্ন ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালেন তিনি নিজেই। রবিবার ‘বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ’-এ অংশ নিয়ে দোভাল স্পষ্ট করেন, ব্যক্তিগত প্রয়োজন ছাড়া তিনি সাধারণত ফোন ব্যবহার করেন না।
‘বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ’-এ প্রাক্তন এই গোয়েন্দা কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়, তিনি কি মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার করেন কি না। উত্তরে তিনি জানান, তিনি ইন্টারনেট ব্যবহার করেন না। দোভালের কথায়, পারিবারিক প্রয়োজন বা বিদেশি ব্যক্তিদের সঙ্গে কথা বলার প্রয়োজন ছাড়া তিনি ফোন ব্যবহার করেন না। তিনি বলেন, নিজের কাজ তিনি ভিন্নভাবেই পরিচালনা করেন। যোগাযোগের জন্য আরও নানা মাধ্যম রয়েছে, এমন কিছু বিশেষ পদ্ধতিও আছে, যা সাধারণ মানুষের অজানা।
উল্লেখ্য, কেরালা ক্যাডারের আইপিএস অফিসার দোভাল কর্মজীবনের একটা বড় অংশ গোয়েন্দা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিরোধী ভূমিকায় কাটিয়েছেন। তিনি বর্তমানে দেশের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
সূত্র : আজতক বাংলা
















