আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অন্য বছরগুলোতে একুশের প্রথম প্রহরে ছাত্রশিবিরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা ও আলোচনা কর্মসূচি পালন করা হলেও জামায়াতের আমির এবারই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারে যাচ্ছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। একুশের প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর সঙ্গে থাকবেন চিফ হুইপ নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা।
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শফিকুর রহমান আজিমপুর কবরস্থান–এ ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন। সেখানে তাঁদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করার কথা রয়েছে।
















