পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বোরকা পরে ক্রেতা সেজে বাজারে অভিযান চালিয়েছেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। ছদ্মবেশে বাজার পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় সাতটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত শিবচর পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা।
ছদ্মবেশে বাজার পরিদর্শন
জানা গেছে, রমজানে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে শুক্রবার সকালে তিনি বোরকা পরে ক্রেতার বেশ ধারণ করেন। ওই অবস্থায় বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় বেশি দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসির মাংস বিক্রিতে প্রতারণাসহ বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়।
৭ প্রতিষ্ঠানে জরিমানা
পরে ছদ্মবেশ ত্যাগ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাছ, মাংস, ফল ও মুদি দোকানসহ সাতটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অন্য ব্যবসায়ীদের ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযানে শিবচর থানা পুলিশ সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি, পরে অভিযান পরিচালনা করি। কয়েকটি দোকানে জরিমানা করা হয়েছে, অন্যদের সতর্ক করা হয়েছে। ভোক্তার স্বার্থে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
















