ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা মোমেনা। এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।
শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় মোমেনাকে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর আমবাগান এলাকায় সংঘটিত মারধরের ঘটনায় তিনি আহত হন। নিহত মোমেনা ওই গ্রামের মৃত সৈজত আলীর স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোমেনার ছেলে ও প্রতিবেশী মৃত কলিমউদ্দিনের ছেলে জব্বার এবং তার ভাই আনোয়ারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মোমেনার ছেলে, বউমা ও নাতি একটি এনজিও থেকে ঋণ নিয়ে বাড়ি ফেরার সময় বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে মোমেনা গুরুতর আহত হন।
পরে বৃদ্ধাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরদিন অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে রেফার করে। এ সময় পথিমধ্যে বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
অভিযুক্তরা পলাতক আছে বলে জানা যায়।
















