খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নিরাপদেই থাকবে। তাঁর ভাষায়, “অনেকে বলে, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। আমি স্পষ্ট করে বলতে চাই—জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এ দেশে জামাই আদরে রাখা হবে।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষ্ণ নন্দী বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ভোট প্রসঙ্গে তিনি আরও বলেন, জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কেনে না। তাঁর মন্তব্য, “টাকা দিয়ে গরু-ছাগল কেনা যায়, ভোট নয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আমি ভোটারদের বলব, আপনারা টাকার কাছে ভোট বিক্রি করবেন না।”
জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
















