এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল। বাংলা প্রথম পত্র দিয়ে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির অনুমোদনের পর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার সূচি প্রকাশ করে।
সূচি অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রবেশপত্র পরীক্ষা শুরুর তিন দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে। তত্ত্বীয়, বহুনির্বাচনী (এমসিকিউ) ও ব্যবহারিক—এই তিন অংশে আলাদাভাবে পাস করতে হবে।
পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে বা ব্যবহার করতে পারবেন না।
এ বছর নিয়মিত পরীক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে যে নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছিলেন, সেটি ২০২৪ সালের সেপ্টেম্বরে বাতিল হয়। এরপর তারা দশম শ্রেণিতে ২০১২ সালের শিক্ষাক্রমে বিভাগ বিভাজনসহ পড়াশোনা করেছেন। এ কারণেই নিয়মিত পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, যারা মানোন্নয়ন বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিচ্ছেন, তারা নবম-দশম শ্রেণি উভয়ই ২০১২ সালের শিক্ষাক্রমে পড়ায় তাদের পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে।

















