ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন–এর কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত ও প্রশাসনিক কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম অনুযায়ী পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
এর আগে এক সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, “আপৎকালীন পরিস্থিতি দূর হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে এসে আমি মনে করছি, আমরা একটি ভালো অবস্থানে পৌঁছেছি এবং এখন সরে দাঁড়াতে চাই।”
তিনি আরও বলেন, “এই মুহূর্তে যেন কোনো শূন্যতা তৈরি না হয় এবং ধারাবাহিকতা ব্যাহত না হয়—সেজন্য একটি স্মুথ ট্রানজিশন প্রয়োজন। সরকার ও অংশীজনরা যদি মনে করেন আরও কিছু সময় দায়িত্বে থাকা দরকার, সেটিও আমি বিবেচনা করতে প্রস্তুত।”
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক সরকার যেন তাদের মতো করে প্রশাসন সাজাতে পারে—সেই সুযোগ করে দিতেই তিনি সরে দাঁড়াতে চান। পাশাপাশি তিনি দ্রুত ডেপুটেশন থেকে অব্যাহতি দিয়ে নিজ বিভাগে শিক্ষকতায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

















