ডেস্ক রিপোর্ট : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশের এক কর্মীসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় পাঁচজনকে গ্রেপ্তার করে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর এলাকায় নগদ অর্থ বিতরণের প্রস্তুতিকালে জামায়াতের এক কর্মীকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থলেই লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান সংক্ষিপ্ত বিচার পরিচালনা করে তাকে দুই দিনের কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)। তার কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়। প্রতিটি খামে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
অপর এক ঘটনায় ওয়ারী বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সন্তোষজনক কারণ ব্যতীত ঘোরাফেরার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার পরিচালনা করেন। এতে একজনকে এক মাস এবং অন্যজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মতিঝিল ডিভিশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান মুগদা থানার একটি মামলায় দুই ব্যক্তিকে ১০ দিন করে কারাদণ্ড দেন। জনগণের হাতে আটক হওয়ার পর পুলিশের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করার অভিযোগে ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় তাদের এই সাজা দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে এ ধরনের অভিযান ও তাৎক্ষণিক বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।


















