ডেস্ক রিপোর্ট : ভোট উৎসবের আমেজে মুখর গোটা দেশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নিজেদের জনপ্রতিনিধি বেছে নিতে প্রস্তুত ভোটাররা। নির্বাচনের আগের এই রাতে অনেক প্রার্থীই শেষ মুহূর্তের প্রস্তুতি আর উৎকণ্ঠায় নির্ঘুম সময় কাটাচ্ছেন। তবে ব্যতিক্রম তিনজন—যারা কারাগারে থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন।
কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, তিন প্রার্থীর মধ্যে দুজন বর্তমানে ফরিদপুর কারাগারে এবং একজন কেরানীগঞ্জের বিশেষ কারাগারে আটক আছেন। ফরিদপুর কারাগারে আছেন গণঅধিকার পরিষদের প্রার্থী কবির মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুল। আর জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু রয়েছেন কেরানীগঞ্জের কারাগারে।
কারা মহাপরিদর্শক মো. মোতাহের হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ-1 (মকসুদপুর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবির মিয়া। তার বিরুদ্ধে কাশিয়ানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা এবং রাজধানীর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রয়েছে।
একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন আশরাফুল আলম শিমুল। তার বাড়ি মকসুদপুরে। তার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রয়েছে।
অন্যদিকে, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু তার আগের নির্বাচনি এলাকা বরিশাল-৩ আসন থেকে লাঙল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের আগে এমন পরিস্থিতিতে কারাগারে থাকা তিন প্রার্থীর অংশগ্রহণ ভোটের মাঠে ভিন্নমাত্রা যোগ করেছে।

















