রাজনৈতিক জোট গঠন ও ঐক্যের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ কার্যক্রম অব্যাহত রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বেইলী রোডে অবস্থিত চরমোনাই পীরের বাসায় যান বিএনপি প্রধান। এ সময় তার সঙ্গে দলের শীর্ষস্থানীয় নেতারাও ছিলেন বলে জানা গেছে।
এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় যান তারেক রহমান। একই দিন রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসাতেও সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
টানা তিন দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এই সাক্ষাৎ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিএনপির শীর্ষ এই নেতা। পর্যবেক্ষকদের মতে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতৃত্বে একটি বিস্তৃত জোট গঠনের অংশ হিসেবে এই সাক্ষাৎগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি প্রধান সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও সূত্র নিশ্চিত করেছে, সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী দিনের করণীয় বিষয়ে আলোচনা হয়েছে।
















