নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল সদর উপজেলায় দেলোয়ার হোসেন চৌধুরী (৬০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার শিবপাশা বাদামতলা পুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় একটি ডোবা থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
নিহত দেলোয়ার হোসেন চৌধুরী স্থানীয় বাদামতলা বাজারের ইজারাদার ও পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি এলাকায় বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবেও পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাজারের হিসাব-নিকাশ শেষ করে বাড়িতে ফিরছিলেন দেলোয়ার। পথিমধ্যে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলে তার ব্যবহৃত বাইসাইকেল ও গলার মাফলার পড়ে থাকতে দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করে পাশের ডোবায় তার লাশ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজাদী হাসনাত ফিরোজ জানান, দেলোয়ার হোসেনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে মাথার বাঁ পাশে গুরুতর আঘাত করা হয়েছে।
“দেলোয়ার বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। আওয়ামী লীগের আমলে তিনি একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন,” বলেন আজাদী হাসনাত ফিরোজ।
তিনি আরও জানান, পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে নিহত দেলোয়ারের সঙ্গে তার বংশের লোকদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেই জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্বৃত্তরা দেলোয়ার হোসেনের মাথার বাঁ পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর লাশ ডোবার পানিতে ফেলে রাখে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।”
তিনি জানান, পুরো ঘটনা গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।














