চট্রগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসীম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ড ও একাধিক মামলা জড়িত থাকার অভিযোগ এনে প্রার্থিতা বাতিল দাবী জানিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম’।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।
নেতারা বলেন, ‘জসীম উদ্দিন আহমেদ বর্তমানে
জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত অন্তত ৩টি মামলা সহ মোট ১১ টি মামলার আসামী । যা সরাসরি বিচারাধীন রয়েছে।
নেতারা আরো অভিযোগ তুলে বলেন, ‘সম্প্রতি জসিম উদ্দিনের পক্ষে আয়োজিত ‘বৈষম্যবিরোধী ৩৬ জুলাই যোদ্ধা’ ব্যানারের একটি কর্মসূচিতে কোনো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত বা গেজেটভুক্ত প্রকৃত জুলাই যোদ্ধার উপস্থিতি ছিল না। এটি শহীদদের আত্মত্যাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার শামিল এবং নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’
এ সময় নেতারা জসিম উদ্দিনের বিরুদ্ধে ৪টি দাবি তুলে ধরেন।
১. অভিযোগসমূহের বিষয়ে তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্ত
২. আচরণবিধি লঙ্ঘনের দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
৩. গুরুতর মামলার প্রেক্ষিতে তাঁর প্রার্থিতা বাতিল এবং
৪. চট্টগ্রাম-১৪ আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা।
চট্রগ্রাম ১৪ আসনে হেভিওয়েট প্রার্থীদের তালিকায় আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী মৌঃ মোঃ সোলাইমান ফারুকী,এলডিপির ওমর ফারুক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল হামিদ।
















