বিএনপির জোটের প্রার্থী হিসেবে নুরুল হক নুরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ ছড়িয়ে পড়েছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তের প্রতিবাদেই টুয়াখালী-৩ আসনে হাসান মামুনকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড় করানোর ঘোষণা দেওয়া হয়েছে।
তৃণমূলের উদ্যোগে হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান। বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
এ প্রসঙ্গে মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেন হাসান মামুন। পোস্টে তিনি উল্লেখ করেন, “আলহামদুলিল্লাহ—২০২৪ সালের অক্টোবর মাসেই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে জানিয়েছিলাম, যদি বিএনপির মনোনয়ন না পাই, তাহলে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচন করব।”
পোস্টে তিনি আরও লেখেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে আমাকে বহিষ্কার করা হলেও আমি তা মেনে নেব। আপনার সকল সিদ্ধান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল।”
হাসান মামুনের এই ঘোষণার পর পটুয়াখালী-৩ আসনে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। দলীয় মনোনয়ন ঘিরে অসন্তোষ, বিদ্রোহী প্রার্থীর ঘোষণা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত—সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে এই আসনে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
















