মাদারীপুরের সদর উপজেলায় পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক নারীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিউলি বেগম (২৯)–কে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী হলেন হাবিব মাতুব্বর (৩৫)। শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই প্রবাসী হাবিব মাতুব্বর ও তার স্ত্রী শিউলি বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শিউলি বেগম স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশও হয়েছে। অভিযোগ রয়েছে, এসব বিরোধের জের ধরেই শনিবার ভোররাতে শিউলি বেগম ঘুমন্ত অবস্থায় স্বামীর ওপর হামলা চালান।
হাবিব মাতুব্বরের চাচাতো ভাই হৃদয় মাতুব্বর জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ভোররাতে হাবিবের চিৎকারে অন্যদের ঘুম ভাঙে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিউলি বেগমকে আটক করেছে। এ সময় একটি ব্লেড উদ্ধার করা হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।














