বিএনপির জোটপ্রার্থী নুরুল হক নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। এই দুটি উপজেলা পটুয়াখালী–৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত জানানো হয়। চিঠিটি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়েছে।
বিলুপ্ত ঘোষিত কমিটিগুলোর মধ্যে দশমিনা উপজেলা বিএনপির সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার এবং সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলুম শানু। অন্যদিকে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা সত্তার হাওলাদার।
দলীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই দুই উপজেলার বিএনপি নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করার অবস্থানে অনড় ছিলেন। তারা পটুয়াখালী–৩ আসনে বিএনপির জোটপ্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানান।
এই প্রেক্ষাপটেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
















