বিনোদন প্রতিবেদক | ঢাকা
আপডেট: ১০ জানুয়ারি ২০২৬
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানকে ঘিরে ব্যক্তিজীবন নিয়ে চলমান গুঞ্জনের অবসান ঘটালেন তিনি নিজেই। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে নিশ্চিত করেছেন তাহসান।
সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকী এক বছর পূর্ণ হলেও তাঁদের একসঙ্গে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রথম আলোর প্রশ্নের জবাবে হোয়াটসঅ্যাপে তাহসান জানান, খবরগুলোর অনেকটাই অনুমাননির্ভর হলেও বিচ্ছেদের বিষয়টি সত্য।
বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, “সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য। এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলব, তবে এখন নয়।” কবে এবং কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এ প্রশ্নে তিনি জানান, বিষয়টি বেশ বড় এবং সবকিছু চূড়ান্ত হলে তিনি বিস্তারিত জানাবেন।
অ্যানিভার্সারি উদ্যাপন নিয়ে যেসব খবর প্রকাশ হয়েছে, সেগুলো সত্য নয় বলেও স্পষ্ট করেন এই শিল্পী।
তাহসান আরও জানান, তাঁরা বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন। তাঁর ভাষায়, “গত বছরের সেপ্টেম্বর মাসে আমি অস্ট্রেলিয়া ট্যুরে যাই। তার আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সময় থেকেই আমি ফেসবুক ও গান থেকে অনেকটাই দূরে রয়েছি।”
ব্যক্তিগত জীবনের পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক অবস্থার কথাও খোলামেলা বলেন তাহসান। তিনি জানান, দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ আপাতত প্রকাশ্যে বলতে চান না। মানসিকভাবেও তিনি খুব একটা ভালো অবস্থায় নেই। সে কারণেই ফোনে কথা না বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন বলে জানান।
বর্তমান সময় কীভাবে কাটছে—এ প্রশ্নের উত্তরে তাহসান বলেন, তিনি একা একা ভ্রমণ করছেন। তাঁর কথায়, “ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে। এই সময়ে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী।”
শেষে সবার কাছে দোয়া চেয়ে তাহসান বলেন, “দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।”

















