চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৪ জানুয়ারি) সকালে আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান রূপণ কুমার দাশ এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী সোমবার বেলা ১১টায় কমিটির অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে শাহজাহান চৌধুরীকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২ জানুয়ারি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে একটি প্রীতিভোজে অংশ নেন শাহজাহান চৌধুরী। সেখানে তাঁর উপস্থিতিতে ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা চালানো আচরণবিধির লঙ্ঘন—এমন অভিযোগে বিষয়টি তদন্তে আসে।
সম্প্রতি ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী বিচারিক কমিটিতে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে শাহজাহান চৌধুরী ও মো. জসিম উদ্দিন—উভয়কেই শোকজ করা হয়
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণা চালানো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণেই নোটিশ দেওয়া হয়েছে।”
এ বিষয়ে বড়হাতিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন বলেন, “দাঁড়িপাল্লায় ভোট চেয়েছি—এটা সত্য। তবে এটি আচরণবিধির লঙ্ঘন—এটা তখন মাথায় ছিল না। ভবিষ্যতে সতর্ক থাকব। নোটিশ পেয়েছি, জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে জবাব দেব।”
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৩ নভেম্বর সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে জনসংযোগের সময় শাহজাহান চৌধুরীর দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সে সময় তিনি বলেন, “আমার জন্য আল্লাহ আছে। আল্লাহর মেহেরবানি, সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে।” এই বক্তব্যের কারণেই তিনি দেশজুড়ে আলোচনায় আসেন এবং সমালোচনার মুখে পড়েন।

















