চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে দলটির নেতা লিয়াকত আলী চেয়ারম্যানকে।
বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিয়াকত আলীকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কারাদেশের প্রতিক্রিয়ায় লিয়াকত আলী সাংবাদিকদের বলেন,
“আমি গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছি। দল যাকে মনোনয়ন দিয়েছে, সেটাকে মেনে নিতে পারিনি। দলের কাজ দল করেছে, আর আমার কাজ আমাকে করতেই হবে।”
তিনি আরও বলেন, এই বহিষ্কারই শেষ কথা নয়। “রাজনীতিতে বহু উদাহরণ আছে—অনেকে বহিষ্কার হওয়ার পর আবারও দলে গুরুত্বপূর্ণ অবস্থানে ফিরে এসেছেন।”
দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গন্ডামারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী স্বতন্ত্রভাবে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করলেও পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি।
লিয়াকত আলীর বহিষ্কারকে ঘিরে বাঁশখালীতে বিএনপির স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।
















