লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে ব্যতিক্রমী এক চিত্র। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছেলে, আর একই আসনে বাবা প্রকাশ্যে ভোট চাইছেন বিএনপির প্রার্থীর জন্য।
এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন মাহবুব আলম। তিনি ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এবং সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। অন্যদিকে তাঁর বাবা আজিজুর রহমান ওই আসনের বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট চাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলমের বাড়ি রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়িতে। তাঁর বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আজ শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ইছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রার্থীর সঙ্গে অন্তত ১৮টি পথসভায় অংশ নেন। এসব পথসভায় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিএনপির পক্ষে ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করে আজিজুর রহমান বলেন, পরিবার তাঁর ব্যক্তিগত বিষয় হলেও রাজনীতি আদর্শ ও অবস্থানের জায়গা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং ব্যক্তিগত সম্পর্কের কারণে রাজনৈতিক অবস্থান বদলানোর সুযোগ নেই। এ কারণেই তিনি নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন। তবে বাবা হিসেবে ছেলের জন্য দোয়া করেন বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির প্রার্থী মাহবুব আলম বলেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। তবে এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না এবং এ বিষয়ে তাঁর বাবার কাছ থেকেই বক্তব্য নেওয়ার পরামর্শ দেন।
















