ডেস্ক রিপোর্ট
পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় মঞ্চে দাঁড়িয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন এবি পার্টির এক নেতা ও প্রার্থী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত ওই জনসভায় বক্তব্য রাখেন এবি পার্টির বাউফল উপজেলা আহ্বায়ক মো. রুহুল আমিন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে বক্তব্য শেষ করেন। এ সময় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য, এবি পার্টির নেতা রুহুল আমিন ওই আসনে ‘ঈগল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি প্রকাশ্যভাবে জামায়াত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে সমর্থন দিয়ে আসছেন। জনসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়।
এ বিষয়ে রুহুল আমিন বলেন, “আওয়ামী লীগের অনেক সাধারণ ভোটার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাদের সমর্থন ও ভোট পাওয়ার লক্ষ্যেই আমি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি। গ্রাম পর্যায়ে এখনো আওয়ামী লীগের বড় একটি ভোটব্যাংক রয়েছে। অপরাধে জড়িত মানুষের সংখ্যা খুবই কম।”
তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়ের রাজনীতি বন্ধ হবে এবং দেশে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হবে।
















