ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, রাজনীতির আলোচনায় জুলাই সনদের বিষয়টি ক্রমেই হারিয়ে যাচ্ছে, যা হতাশাজনক। তাঁর মতে, জুলাই সনদের পক্ষে যদি ব্যাপক জনসমর্থন স্পষ্টভাবে তুলে ধরা না হয়, তাহলে অন্তর্বর্তী সরকার এবং আসন্ন নির্বাচনসহ সামগ্রিক প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।
রোববার (১১ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলনের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘আমরা বারংবার বলেছিলাম, গণভোট ও জাতীয় নির্বাচন আলাদা করে আয়োজন করুন। এই জাতীয় নির্বাচনসহ সবকিছুই জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই সনদের বরাতেই বৈধ হয়েছে। জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজিত হলে গণভোটের আলোচনা আড়ালে চলে যাবে।’
তিনি বলেন, ‘আমাদের সেই দাবিকে উপেক্ষা করার পরিণতি আমরা দেখতে পাচ্ছি। জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে। এটা হতাশার। জুলাই সনদের পক্ষে বিপুল জনসমর্থন প্রদর্শিত না হলে অন্তর্বর্তী সরকার, এই নির্বাচনসহ সবকিছুই প্রশ্নের মুখে পড়বে। তাই জুলাই সনদের আলোচনা জারি রাখতে হবে।’
বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য জননিরাপত্তা গুরুত্বপূর্ণ। জননিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো কাটে নাই। এই বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
















