আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬
ইরানে সম্ভাব্য হামলার জন্য নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনের এই অবস্থানকে “খুবই খারাপ আচরণ” বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মেরজের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “স্পেন খুব খারাপ আচরণ করেছে। আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেব। স্পেনের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক রাখতে চাই না।” তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান।
এর আগে স্পেন ইরানে হামলা-সংক্রান্ত মিশনে নিজেদের দক্ষিণাঞ্চলের রোটা ও মোরন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকার করে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুসারে, এর ফলে অন্তত ১৫টি মার্কিন যুদ্ধবিমান এই ঘাঁটিগুলো থেকে উড়ে যায়নি।
স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেন, “স্পেনের সার্বভৌমত্বের অধীন সামরিক ঘাঁটিগুলো ইরানের ওপর হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। এই অভিযানে আমাদের ঘাঁটি ব্যবহার করা হচ্ছে না। এসব ঘাঁটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অন্তর্ভুক্ত নয় এবং জাতিসংঘ সনদের পরিপন্থি কোনো কাজে ব্যবহার করা হবে না।”
স্প্যানিশ সরকার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্র যদি সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তা মোকাবিলায় স্পেনের প্রয়োজনীয় সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে। দেশটি যেকোনো অর্থনৈতিক চাপ সামাল দিতে সম্পূর্ণ প্রস্তুত বলেও স্পষ্ট করেছে।
ট্রাম্পের এই হুমকি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন পদক্ষেপ নেওয়া হলে তা আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে।
















